“‘রক্তকরবী’ কেবল একটি নাটক নয়; এটি মানুষ, ক্ষমতা এবং মুক্তির অনন্ত অনুসন্ধানের এক নাট্যভাষা।”
Published : 14 Oct 2026, 05:20 PM
Updated : 14 Oct 2026, 05:20 PM
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘রক্তকরবী’ মঞ্চে আনছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরাম।
বুধবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে নাটকটি। এটিই জাতীয় পর্যায়ে এই নাটকের প্রথম প্রদর্শনী।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘রক্তকরবী’ নাটকটি নির্দেশনা দিয়েছেন শ্রেয়শ্রী সরকার।
নাটকটি নিয়ে তিনি বলেন, "‘রক্তকরবী’ আমার কাছে শুধু একটি নাটক নয়; এটি মানুষ, ক্ষমতা এবং মুক্তির অনন্ত অনুসন্ধানের এক নাট্যভাষা। সময়ের সঙ্গে শোষণের রূপ বদলায়, ক্ষমতার মুখোশ বদলায়, কিন্তু মানুষের স্বাধীন সত্তাকে নিয়ন্ত্রণ করার প্রবণতা একই থাকে। তাই এ নাটক আজও আমাদের সময়কে গভীরভাবে প্রশ্ন করে।"
তিনি আরও বলেন, "‘রক্তকরবী’কে কোনো ঐতিহাসিক নিদর্শন হিসেবে নয়, সমকালীন বাস্তবতার আলোয় পুনরায় পাঠ করার চেষ্টা করা হয়েছে। উন্নয়নের ভাষ্য, ভোগবাদ, অদৃশ্য ক্ষমতার কাঠামো এবং মানুষের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার ভেতর যক্ষপুরীকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করা হয়েছে।
“আমাদের কাছে যক্ষপুরী কোনো দূরবর্তী কল্পলোক নয়। এটি আমাদের চারপাশের সমাজেরই এক প্রতীক। এ ভাবনাকে প্রকাশ করতে আমরা শরীর, কোরাস, সংগীত, আলো, প্রতীকী দৃশ্যবিন্যাস এবং সমকালীন মঞ্চভাষাকে একত্র করেছি। উদ্দেশ্য, রবীন্দ্রনাথকে আধুনিক করে তোলা নয়; বরং তার চিন্তার সঙ্গে আমাদের সময়ের একটি সৃজনশীল সংলাপ নির্মাণ করা। আজ, যখন মানুষ উৎপাদনের এককে পরিণত হচ্ছে, তখন ‘রক্তকরবী’ আমাদের আবার মানুষকে তার স্বপ্ন, ভালোবাসা এবং প্রতিবাদের শক্তিকে চিনে নিতে শেখায়।"
শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও নাট্যপ্রেমকে ক্যাম্পাসের সীমানা ছাড়িয়ে বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরতেই এই নাট্য প্রযোজনাটির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এই নির্দেশক।
নাটকের টিকেটের দাম রাখা হচ্ছে ২০০ টাকা।
