যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় মোঃ হযরত আলী (৬৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার পাঁচভূলট মাঝেরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হযরত আলী ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। তিনি গোগা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এফআইআর নং-২৩ ও জিআর নং-৩০২-এর আওতাধীন একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলাটিতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক জানান, থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (১৪ অক্টোবর) হযরত আলীকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
The post শার্শায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা হযরত আলী গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
