আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি নিজেদের কাজে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম আরও বলেন, ‘চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে। নির্বাচনের পর বিএনপি সরকার আবারও বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি ও সিন্ডিকেটসহ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করছে দলটি।’
তিনি বলেন, ‘এখন বিদেশে আওয়ামী লীগ আর দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট হয়ে গেছে।’
বিজ্ঞাপন
সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করায় তারা আশা করেছিলেন, বিএনপি দেশের মানুষের সরকার হয়ে উঠবে। কিন্তু বিভিন্ন নিয়োগ এবং সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রভাব দেখা যাচ্ছে।
সারজিস আলম বলেন, ‘বিএনপি বাংলাদেশের সরকার হতে পারেনি। বিএনপি বিএনপির মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে।
সারের ডিলার নিয়োগে ব্যবসায়িক অভিজ্ঞতা ও যোগ্যতা বিবেচনা করা হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে সংসদ সদস্যদের ছেলে ও আত্মীয়-স্বজনকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ নাগরিক সভার আয়োজন করা হয়। জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় নাহিদ ইসলাম ও সারজিস আলম ছাড়াও দলটির স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিধান মজুমদার অনি/এসআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
