গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের এক ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায করে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার হারবাল মেডিসিন বিভাগে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানার হারবাল মেডিসিন বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাদের সম্মিলিত চেষ্টায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার শ্রমিকরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই সব শ্রমিক কারখানা থেকে নিরাপদে বের হয়ে আসেন। এ ছাড়া শ্রমিকরা নিজস্ব ব্যবস্থাপনায় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁদের সঙ্গে যোগ দেন।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সবার প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’
