বিগ বসের ঘরে যত দিন এগোচ্ছে, ততই বাড়ছে প্রতিযোগীদের মধ্যে টানাপোড়েন। ক্যাপ্টেনসি দখলের লড়াইকে কেন্দ্র করে এবার নতুন করে উত্তেজনা ছড়াল ঘরের অন্দরে। টাস্ক চলাকালীন দলের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন মনামী। শুধু তাই নয়, রাজবীর ও নন্দিনী তাঁকে বিপক্ষ দলের কাছে ‘বেচে দিয়েছেন’ বলেও দাবি করেন তিনি। অন্যদিকে, ভরত কলের বিরুদ্ধে তাঁর অভিযোগ, বারবার তাঁকে খেলার জন্য এগিয়ে দিলেও প্রয়োজনের সময় পাশে দাঁড়ান না তিনি। সব মিলিয়ে বিগ বসের ঘরে নতুন করে তৈরি হল মনোমালিন্যের পরিস্থিতি।
কী ছিল এই টাস্কে? ক্যাপ্টেন নিরঞ্জন এই খেলায় ভরত কলকে বাদ রাখেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন জীতু। দুই দলে ভাগ হয়ে প্রতিযোগীদের বল ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামতে হয়। জীতুর সঙ্গে যাঁরা শেষ পর্যন্ত নিজেদের বল রক্ষা করতে পারবেন এবং বিপক্ষ দলের বল ছিনিয়ে এনে বালতিতে রাখতে পারবেন, তাঁরাই বিজয়ী হিসেবে ক্যাপ্টেনসির দৌড়ে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন।
একটি দলে ছিলেন মনামী, নন্দিনী, রাজবীর ও সোনামণি। অন্য দলে ছিলেন সৃজলা, দুর্নিবার, তনুশ্রী ও নিরঞ্জন। প্রত্যেকের কাছেই ছিল একটি করে বল। বিপক্ষ দলের বল ছিনিয়ে নিয়ে বালতিতে রাখতে হবে, এটাই ছিল মূল লক্ষ্য। তবে খেলার জন্য বেশ কিছু শর্তও দেওয়া হয়েছিল। জামার ভিতরে বল লুকিয়ে রাখা যাবে না, কেউ বল জলে ফেলতে পারবেন না। পাশাপাশি, খেলার প্রয়োজনে কোনও পুরুষ প্রতিযোগী কোনও মহিলা প্রতিযোগীকে স্পর্শ করলে তা নিয়ে ‘ভিক্টিম কার্ড’ খেলা যাবে না বলেও জানানো হয়।
খেলা শেষ হতেই অবশ্য পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। হঠাৎই কান্নায় ভেঙে পড়েন মনামী। তাঁকে এমন অবস্থায় দেখে কারণ জানতে চান ভরত কল। তখনই ক্ষোভ উগরে দিয়ে মনামী অভিযোগ করেন, রাজবীর ও নন্দিনী তাঁকে বিপক্ষ দলের কাছে বেচে দিয়েছেন। তাঁর আরও দাবি, ভরত তাঁকে বারবার খেলার জন্য এগিয়ে দিলেও কখনও তাঁকে সমর্থন করেন না। ভরত কল তাঁকে বোঝানোর চেষ্টা করলেও মনামী নিজের অবস্থানে অনড় থাকেন। যে দলের হয়ে তিনি খেলছেন, সেই দলের সদস্যরাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তোলেন তিনি।
কিন্তু মনামীর এই ক্ষোভের নেপথ্যে রয়েছে আরও বড় পরিকল্পনার অভিযোগ। জানা যায়, নিরঞ্জনের সঙ্গে নন্দিনীর একটি চুক্তি হয়েছিল বলে দাবি উঠেছে। সেই পরিকল্পনা অনুযায়ী, সৃজলাকে আউট করার পর মনামীকে নিজেদের দল থেকে সরিয়ে দেওয়া হবে। তার পর একে একে অন্য প্রতিযোগীদের আউট করে দুর্নিবারকে ক্যাপ্টেন করার ছক কষা হয়েছিল বলে অভিযোগ। ক্যাপ্টেনসি দখলের লড়াইয়ে এই সমীকরণ কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার। বিগ বসের ঘরে বন্ধুত্বের আড়ালে সত্যিই কি চলছে গোপন কৌশল, নাকি পুরোটাই খেলার অঙ্ক? সেই উত্তর দেবে আগামী পর্ব।
