স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ পৌর শহরের ৬ নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সুনামগঞ্জ-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় সুনামগঞ্জ পৌরসভা ০৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উত্তর আরপিন নগর পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য খাইরুল হাসান সাজুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচি পরিচালনা করা হয়। এতে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমাদের সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।বক্তারা “গাছ লাগান, পরিবেশ বাঁচান—সবুজ বাংলাদেশ গড়ে তুলুন” এই উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষকেও বাসাবাড়ি ও খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর অনুরোধ জানান।
নিউজটি শেয়ার করুনঃ
