কালবেলা · রাজনীতি
নির্বাচনের ৫ দিন আগে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা
২৩/১০/২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল ছুড়েছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জেরুজালেমের মাহানে ইয়েহুদা মার্কেটের পাশ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ওই দিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে সেখানে গিয়েছিলেন তিনি। আগামী ২৭ অক্টোবর থেকে ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাত্র ৫ দিন আগে নেতানিয়াহুর গাড়িবহরের ওপর এই হামলার ঘটনা ঘটল। খবর দ্য জেরুজালেম পোস্টের।
প্রতিবেদনে বলা হয়, গাড়িবহর নির্বিঘ্নে চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল লাইট রেল পরিষেবা। এ সময় হাজারো ইসরায়েলি নেতানিয়াহুকে স্বাগত জানাতে এবং তার গাড়িবহর দেখতে জড়ো হন।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বোতল নিক্ষেপের পর নিরাপত্তাকর্মীরা দ্রুত জনতার জন্য দেওয়া ব্যারিকেড টপকে সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে যান। তবে এ ঘটনায় নেতানিয়াহুর গাড়িবহরের চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
মাহানে ইয়েহুদা মার্কেটে পৌঁছালে নেতানিয়াহু ও তার স্ত্রী সারাকে জন্মদিনের সংগীত বাজিয়ে স্বাগত জানানো হয়। অনলাইনে প্রকাশিত ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের লিকুদ পার্টির পতাকার পাশাপাশি ইরানের সিংহ ও সূর্যখচিত পতাকা ওড়াতে দেখা যায়। নেতানিয়াহুকে ফুলের তোড়া হাতে জনতার দিকে নাড়তে এবং পরে সেটি তাঁদের দিকে ছুড়ে দিতেও দেখা যায়।
মাহানে ইয়েহুদায় যাওয়ার আগে বৃহস্পতিবার তেল আবিবের হাতিকভা মার্কেট পরিদর্শন করেন নেতানিয়াহু। সেখানে এক ক্ষুব্ধ ব্যক্তি তাকে প্রশ্ন করেন, ‘আপনি হামাসকে লাখ লাখ ডলার কেন পাঠিয়েছিলেন?’
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, ওই ব্যক্তি ঘটনাটি ধারণ করতে গেলে সেখানে উপস্থিত লিকুদ পার্টির সমর্থকেরা তার হাত থেকে ফোন ফেলে দেন এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
ওই মার্কেটে উপস্থিত ছিলেন নিহত জিম্মি গাই ইলুজের বাবা মিশেল ইলুজ, নিহত জিম্মি কারমেল গ্যাটের চাচাতো ভাই গিল ডিকম্যান এবং সাবেক জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাভ জাঙ্গাউকার।
তারা নেতানিয়াহুকে বলতে সেখানে গিয়েছিলেন, ৭ অক্টোবরের ঘটনায় যারা ক্ষমতায় ছিলেন, তাদের সরকারের পদ ছাড়তে হবে। এ সময় মার্কেটে কয়েকজন মিশেল ইলুজের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনার সময় নেতানিয়াহু সেখানে ছিলেন না।
এক্সে দেওয়া এক পোস্টে আইনাভ জাঙ্গাউকার লেখেন, ‘আমরা নেতানিয়াহুকে সত্যটা জানাতে গিয়েছিলাম; তিনি গণহত্যার জন্য দায়ীদের একজন। ৭ অক্টোবর যারা দায়িত্বশীল পদে ছিলেন, তাদের কেউই ক্ষমতায় থাকতে পারেন না, বিশেষ করে প্রধানমন্ত্রী তো নয়ই।’
সূত্র : দ্য জেরুজালেম পোস্ট
মূল প্রতিবেদনে যান ↗