নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আইবুর নামের এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে।
আইবুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
জানা গেছে, আইবুরের দেওয়া আগুনে ঘরের লেপ, তোশক ও খাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আইবুর নেশাগ্রস্ত। নেশার টাকা না পেয়ে তিনি বাড়িতে আগুন দেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।
