অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুন, মেজর সিনহা হত্যা এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানির তারিখ শিগগিরই নির্ধারণ করা হবে। আদালতের অবকাশকালীন ছুটি শেষে কার্যক্রম শুরু হলে দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে।
বিজ্ঞাপন
আজ রোববার তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, দেশজুড়ে আলোচিত এ তিনটি হত্যা মামলায় হাইকোর্টের রায়ের পর থেকে আপিল বিভাগে শুনানির অপেক্ষা চলছে। মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এ তিন হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক আদালতে রায় ঘোষণার পর হাইকোর্টেও আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি সম্পন্ন হয়। হাইকোর্টের রায়ে আসামিদের মৃত্যুদণ্ড ও অন্যান্য দণ্ড বহাল রাখা হয়। এরপর থেকে মামলাগুলো আপিল বিভাগে চূড়ান্ত শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।
সাত খুন মামলা: ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে তাদের হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় বিচারিক আদালতের রায়ের পর ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করে। ওই রায়ে বিচারিক আদালতের ২৬ জনের মৃত্যুদণ্ডের মধ্য থেকে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। মামলাটি এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায়।
মেজর সিনহা হত্যা মামলা: ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের রায়ের পর ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট রায় দেন। ওই রায়ে টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। হাইকোর্টের রায়ের পর মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
আবরার ফাহাদ হত্যা মামলা: ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে ২০ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। এ মামলাটিও বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
