চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে চা বাগানের এক সহকারী ব্যবস্থাপকের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে সাড়ে সাত লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে মির্জারহাট এলাকার পঞ্চবটি চা বাগানের প্রবেশমুখে এ ঘটনা ঘটে। ঘটনার পর ধাওয়া করে দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
আটক ব্যক্তিরা হলেন আবু (২৩) ও জিহান (২৫)। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন,পঞ্চবটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ বৃহস্পতিবার নারায়ণহাট কৃষি ব্যাংক থেকে বাগানের টাকা উত্তোলন করেন। এরপর বাগানে ফেরার পথে প্রবেশমুখে পাঁচজনের একটি দল অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে আবুকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জিহানকেও আটক করা হয়। এরপর দুজনকে ভূজপুর থানা-পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
পঞ্চবটি চা বাগানের ব্যবস্থাপক অর্জুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় বাগান কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।
ভূজপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করা এবং লুট হওয়া টাকা উদ্ধারে তদন্ত চলছে।
*
The post কর্মকর্তাকে কুপিয়ে চা বাগানের ৭ লাখ টাকা লুট appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
