ভিজিট ভিসায় দুই জনকে মালয়েশিয়া নিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।
Published : 13 Oct 2026, 07:42 PM
Updated : 13 Oct 2026, 07:42 PM
‘ওয়ার্ক পারমিট’ ভিসায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ২ জনকে ‘ভিজিট ভিসায়’ মালয়েশিয়া নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি ট্রাভেল এজেন্সির মালিককে গ্রেপ্তার করেছে সিআইডি।
সিআেইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে পল্টনের পলওয়েল মার্কেট এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ করিম ঢাকার পল্টনের ‘তাহসিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের’ মালিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই ভুক্তভোগীকে মালয়েশিয়ায় পাঠানোর পর বিমানবন্দর থেকে বাইরে এনে তাদের অজ্ঞাত স্থানে আটকে রেখে দেশে স্বজনদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। মুক্তিপণ বাবদ ওই দুই জনের কাছ থেকে দুই লাখ টাকাও আদায় করা হয় বলে অভিযোগ পায় সিআইডি।
এর ভিত্তিতে মানবপাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মাসুদ করিমসহ তার মালিকানাধীন ট্রাভেল এজেন্সির নামে গত ১২ মার্চ ‘মানিলন্ডারিং’ প্রতিরোধ আইনে একটি মামলা হয়েছিল। এর তদন্তের ধারাবাহিকতায় মাসুদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে।
মানবপাচার চক্রটিতে জড়িত দেশি-বিদেশি সহযোগী ও সম্ভাব্য আরও ভুক্তভোগীদের শনাক্ত করতে কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেছে সিআইডি। একইসসঙ্গে বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই ছাড়া অর্থ অথবা পাসপোর্ট হস্তান্তর না করতে সবাইকে পরামর্শ দিয়েছে তারা।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিসা পাইয়ে দেওয়ার নামে ‘অস্বাভাবিক অঙ্কের অর্থ’ দাবি করলে, পাসপোর্ট জিম্মি করে রাখলে অথবা ভিসা জালিয়াতি, মানবপাচার কিংবা অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত থাকার সন্দেহ হলে সিআইডিকে জানাতে অনুরোধ করা হয়েছে।
