নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা অক্টোবর ২০, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের সদস্যরা এক অভিযান চালিয়ে হেরোইন তৈরির কাজে ব্যবহৃত ৭৮ লাখ টাকা মূল্যের জে অ্যান্ড বি মার্টিনি নামের মাদকদ্রব্য উদ্ধার করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।
বিজিবি সূত্র জানায়, নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দেবহাটা উপজেলার শাখর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল শুক্রবার রাত ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কোমপুর এলাকা থেকে জে অ্যান্ড বি মার্টিনি নামক ৪ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়।
পরবর্তীতে ওই মাদকদ্রব্য পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। ল্যাব পরীক্ষার ফলাফল অনুযায়ী, এসব দ্রব্য হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানা যায়। পরীক্ষা শেষে মঙ্গলবার ১৭ বিজিবির পক্ষ থেকে প্রেসব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, বোতলগুলোর গায়ে উল্লেখিত মূল্য ১৫ লাখ ভারতীয় রুপি লেখা রয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি বোতলের মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা হিসেবে চার বোতলের মোট সিজার মূল্য দাঁড়ায় ৭৮ লাখ টাকা।
বিজিবি নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস এ তথ্য নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এএজে
