ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) জন্য সামনে এক ‘বড় চমক’ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরে দুই ইসরায়েলি সেনার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সেখানে বড় ধরনের সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পর এই হুঁশিয়ারি দিলেন তিনি। খবর আল জাজিরার।
ইসরায়েলের ‘আই২৪ নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আগামী নির্বাচনে আমাদের প্রধান লক্ষ্য ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রতিহত করা।
আগামী সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে দেওয়া এই সাক্ষাৎকারে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ভেঙে দেওয়া হবে কি না- এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি কৌশলী এবং চমকপ্রদ পদক্ষেপের ইঙ্গিত দেন।
নেতানিয়াহু আরও বলেন, গোপনীয়তা রক্ষা করে হুমকি নিষ্ক্রিয় করার কাজ চালানো হচ্ছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্যও একটি বড় চমক আসছে।
ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি এড়িয়ে নেতানিয়াহু আরও জানান, দুইয়েরও বেশি নতুন দেশকে ‘আব্রাহাম অ্যাকোর্ড’-এ যুক্ত করার আলোচনা চলছে। ওই দেশগুলো স্বাভাবিক সম্পর্কের জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে কোনো শর্ত হিসেবে দাঁড় করাবে না, কারণ তারা জানে ইসরায়েল তা কোনোভাবেই মেনে নেবে না।
নেতানিয়াহু বলেন, আমরা মধ্যপ্রাচ্যের চিত্র বদলে দিয়েছি, যা বলেছিলাম তা-ই করেছি।
