মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৫৪০ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করলেও কানাডায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’-এর প্রদর্শনী। পরিবেশক প্রতিষ্ঠানের সঙ্গে কারিগরি ও অনুমোদন জটিলতার কারণে দেশটির ইয়র্ক সিনেমাসে ছবিটির প্রদর্শনী স্থগিত করা হয়েছে। নেলসন দিলীপকুমার পরিচালিত এই সিনেমাটি গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল; মুক্তির এক সপ্তাহ না পেরোতেই বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে প্রদর্শনী বন্ধের এই সিদ্ধান্ত জানায় হল কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত বিবৃতিতে ইয়র্ক সিনেমাস জানিয়েছে, ২১ অক্টোবর থেকে তাদের প্রেক্ষাগৃহে ‘জেলার ২’-এর প্রদর্শনী বন্ধ থাকবে। কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়ে জানায়, সিনেমাটি প্রদর্শনের জন্য যাবতীয় আর্থিক দায়বদ্ধতা ও অর্থ তারা শতভাগ পরিশোধ করেছে। তবে উত্তর আমেরিকায় সিনেমাটির পরিবেশক শ্লোকা এন্টারটেইনমেন্টস ও প্রত্যঙ্গিরা সিনেমাসের কাছ থেকে ডিজিটাল প্রজেকশনের জন্য আবশ্যক বৈধ ‘কি ডেলিভারি মেসেজ’ (কেডিএম) পাওয়া যায়নি। এর জন্য মূল প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্সের অনুমোদনেরও প্রয়োজন ছিল। বৈধ কেডিএম ছাড়া কারিগরিভাবে ছবিটির প্রদর্শন চালিয়ে যাওয়া অসম্ভব হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দর্শকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ, তবে পরিবেশক বা সান পিকচার্সের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কানাডায় এমন প্রতিবন্ধকতা তৈরি হলেও বৈশ্বিক বক্স অফিসে ‘জেলার ২’-এর দাপট অব্যাহত রয়েছে। বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ছয় দিনে ভারতের বাজারেই সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ২৮৯ কোটি ৫ লাখ রুপি, যা মোট গ্রস হিসেবে ৩৩৮ কোটি ৪৫ লাখ রুপি। অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ২০৪ কোটি রুপি। সব মিলিয়ে মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৪২ কোটি ৪৫ লাখ রুপি।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, নবরাত্রি ও দশেরার দীর্ঘ ছুটির আমেজে মুক্তি পাওয়ায় সিনেমাটি শুরু থেকেই বাড়তি বাণিজ্যিক সুবিধা পেয়েছে। পাশাপাশি মুক্তির শুরুর দিকে বড় কোনো প্রতিদ্বন্দ্বী তামিল সিনেমা প্রেক্ষাগৃহে না থাকায় দর্শক টানার ক্ষেত্রে একচ্ছত্র প্রভাব বিস্তার করতে পেরেছে ছবিটি।
রজনীকান্তের পাশাপাশি ‘জেলার ২’ সিনেমায় অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণন, মিরনা, ঋত্বিক, যোগী বাবু, এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরজ ভেঞ্জারামুডু, বিদ্যা বালান এবং নমো নারায়ণ। এছাড়া বিভিন্ন আকর্ষণীয় অতিথি চরিত্রে দেখা গেছে মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, হৃতিক রোশন ও বিজয় সেতুপতির মতো ভারতের শীর্ষ তারকাদের।
