ঢাকা, ২৪ অক্টোবর: সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে তিনি ছিলেন না। ফলে তিনি অক্ষত রয়েছেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলির সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
পুলিশ সূত্র জানায়, ভোর প্রায় ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে ছিল আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িটি। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি চালান। এরপর তিনি দ্রুত পালিয়ে যান।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে মগবাজারের দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা এসে শপিংমলের সামনে গতি কমায়। এরপর অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি চালান।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে। গুলিতে গাড়ির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
আসিফ আকবর গণমাধ্যমকে জানান, ঘটনার সময় তিনি বিশাল সেন্টার শপিং মলের ওপরের তলায় নিজের অফিসে ছিলেন এবং গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনার পর তার স্ত্রী বেগম সালমা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী নিরাপদে থাকায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওসি মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।[
সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঘটনাটি নিয়ে শিল্প ও ক্রীড়াঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। চিত্রনায়ক ওমর সানী এ ঘটনাকে অশনি সংকেত বলে উদ্বেগ প্রকাশ করেন। পুলিশ বলছে, হামলাকারীর পরিচয় ও হামলার প্রেক্ষাপট জানতে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।
