পর্যটন করপোরেশন কর্তৃক আয়োজিত বিচ কার্নিভ্যাল উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় বিচ ম্যারাথন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভোরে সৈকতের জিরো পয়েন্ট থেকে এ দৌড় শুরু হয়ে গঙ্গামতি সৈকতে শেষ হয়। দীর্ঘ ৬ কিলোমিটারের এ দৌড়ে ৮০০ থেকে ৯০০ পর্যটক অংশগ্রহণ করেন। পরে সেখানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ভিন্ন রকমের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ আর ঘ্রাণে উৎসবস্থলে ছড়িয়ে পড়ে গ্রামবাংলার চিরচেনা আমেজ। ম্যারাথনে অংশগ্রহণকারীরা স্নিগ্ধ পরিবেশ, ঢেউয়ের শব্দ আর সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্যে যারপরনাই অভিভূত হন। তবে, অব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।
দিনভর ভলিবল, সেলিব্রেটি ক্রিকেট আয়োজনের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ ভোরে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে উৎসব। এর আগে গতকাল রাতে চিত্রনায়িকা পূর্ণিমার স্টেজ শো, চিশতি বাউল ও প্রীতম হাসানের সংগীত, সাদ্দাম মালের কমেডি শো এবং দিনভর ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিচ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
