এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২১ জনে।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৯২০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৩১৬ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮২৪ জন, বরিশাল বিভাগে ২১৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১৪ জন, রাজশাহী বিভাগে ১৭০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১৭ জন রয়েছেন।
