পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক, জুয়া, চুরি, নাশকতা ও ইভটিজিংসহ বিভিন্ন মামলায় ১৭ জনকে আটক করা হয়েছে। এ সময় চার মাদক কারবারির কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে আটক সকল ব্যক্তিদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে আটক মাদক কারবারিরা হলেন- চাঁদখালী ইউনিয়নের ফতেহপুর এলাকার লিয়াকত গাজীর ছেলে হুসাইন গাজী (২২), কপিলমুনির নাসিরপুর এলাকার কহিনুর বিশ্বাসের ছেলে শহীদ হাসান বিশ্বাস, একই এলাকার হাফিজুল বিশ্বাসের ছেলে হাসিবুল ইসলাম শিমুল এবং মাহমুদকাটির কৃষ্ণপদ দেবনাথের ছেলে প্রদীপ দেবনাথ।
এ বিষয়ে থানার (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, আটক হুসাইন গাজীর কাছ থেকে ১০ পিস, প্রদীপ দেবনাথের কাছ থেকে ১০ পিস, শহীদ হাসান বিশ্বাসের কাছ থেকে ৩ পিস এবং হাসিবুল ইসলাম শিমুলের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় মামলা করা হয়েছে। যার নং- ১৫।এছাড়াও জুয়ার অভিযোগে ৬ জন, ইভটিজিংয়ের ঘটনায় ৩ জন, মসজিদের মোটর চুরি মামলায় একজন, নাশকতা মামলায় একজন এবং পরোয়ানাভুক্ত আরও দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। এসব অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহতভাবে চলতে থাকবে।

