চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দ করা ফেনসিডিলের সিজার মূল্য ৩৬ হাজার টাকা।
বুধবার (২১ অক্টোবর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০১/২২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের হান্নানের আমবাগানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
