নিজস্ব প্রতিবেদক
ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ দেশের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করে জনগণের ভোটে নির্বাচিত হতে চায় বিএনপি।
শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। কোনো ধর্ম বা বিশেষ জনগোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি করার ইচ্ছা দলটির নেই। এ সময় ধর্মকে পুঁজি করে ভোটের রাজনীতি বন্ধ করে জনগণের কল্যাণে রাজনীতি করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জামায়াত নেতারা বেহেশতের কথা বলে ভোট চেয়েছেন। দুর্গোৎসবের সময় পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছেন এবং বিভিন্ন মণ্ডপে ঘুরেছেন। তবে এবার দুর্গাপূজায় তাঁদের কোনো পূজামণ্ডপে দেখা যায়নি বলে দাবি করেন তিনি।
সরকার সংসদে ও সংসদের বাইরে বিরোধী দলের বক্তব্য শুনছে এবং তাদের মতামতকে মূল্যায়ন করছে বলেও মন্তব্য করেন মীর শাহে আলম।
বাকস্বাধীনতার পাশাপাশি বক্তব্যের শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলের অনেক নেতা জাতীয় নেতাদের অসম্মান করে অশালীন ভাষায় কথা বলছেন। এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে জনগণ তা ভালোভাবে নেবে না। বিরোধী দলের কাছ থেকে জনগণ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।
জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান পরিস্থিতি বিএনপি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সময় দেওয়া উচিত। অথচ সংসদের বাইরে গিয়ে ‘তেল দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগানে লংমার্চ করছে বিরোধী দল।
তিনি বলেন, তেল ও গ্যাসের দাবিতে বিপুল অর্থ ব্যয় করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চ করা হয়েছে। সামনে ঢাকা-খুলনা লংমার্চের কর্মসূচিও রয়েছে। এসব কর্মসূচি বন্ধ করে আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলের যেসব বক্তব্য ও দাবি রয়েছে, সেগুলো সংসদে তুলে ধরে আলোচনা করার আহ্বান জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

