দুর্গাপূজায় অংশ নেওয়া ও নাচের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। তাঁকে ‘মুসলিম জাতির কলঙ্ক’ বলেও আক্রমণ করেছেন কেউ কেউ। শুরুতে নীরব থাকলেও এবার সমালোচকদের জবাব দিয়েছেন অভিনেত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, উৎসব সবার, আর ধর্মীয় উৎসব পালন করা ব্যক্তিগত পছন্দের বিষয়।
সম্প্রতি দুর্গাপূজার দশমীতে লাল পাড়ের সাদা শাড়ি পরে পূজামণ্ডপে যান নুসরাত। তাঁর সিঁথিতে ছিল সিঁদুর, হাতে শাখা। অভিনেত্রীর স্বামী যশ দাশগুপ্ত তাঁর ছবি তোলেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেই শুরু হয় নানা আলোচনা ও কটাক্ষ।
সমালোচনার জবাবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত লেখেন, ‘উৎসব তো সকলের। আমি চিরকাল সব উৎসব পালন করি। অনেকেই বলে, “তুমি তো জাহান।” আমি কোনোদিন কাউকে জবাব দিইনি। যারা অন্য ধর্মের হয়েও নিষ্ঠা, বিশ্বাসের সঙ্গে মায়ের আরাধনা করেন, সিঁদুর খেলেন, আমার মনে হয় তাঁদেরও জবাবদিহি করা উচিত নয়। কারণ এটা ব্যক্তিগত পছন্দ।’
সমালোচকদের উদ্দেশে অভিনেত্রী আরো বলেন, তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘরেও অনেকে নানা কথা লিখছেন। যারা নিজেদের ধর্ম সম্পর্কে সব জানেন বলে মনে করেন, তাঁদের উদ্দেশে নিজের অবস্থানও স্পষ্ট করেন তিনি।
নুসরাতের ভাষায়, ‘আমার পোস্টের কমেন্টবক্সেও দেখেছি অনেকে অনেক কিছু লিখছে। যাদের মনে হয়, তারা নিজের ধর্মের বিষয়ে সমস্ত কিছু জানেন, আমি তাদের থেকে একটু হলেও বেশি জানি। আপনাদের বিশ্বাস আপনাদের কাছে রাখুন। আপনিও ভালো থাকুন, আমিও নিজেকে ভালো রাখছি।’
অবশ্য দুর্গাপূজা উদ্যাপনকে কেন্দ্র করে এবারই প্রথম কটাক্ষের মুখে পড়েননি নুসরাত। এর আগেও পূজায় অংশ নেওয়া এবং অষ্টমীর অঞ্জলি দেওয়ার কারণে সমালোচনার শিকার হয়েছেন তিনি।
বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘প্রত্যেক বছর অষ্টমীর দুপুরে আমি ভোগ খেতে খুব ভালোবাসি। এক শ বার হয়তো তার জন্য আমাকে কটাক্ষের শিকার হতে হয়েছে! কিন্তু তারপরও অষ্টমীর দিন অঞ্জলি দিই, আগামী দিনেও অঞ্জলি দেব। কারণ, বিশ্বাস কোনো ধর্মের ওপর নির্ভর করে না। ভাষার ওপরও নির্ভর করে না। বিশ্বাস মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত।’
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে ব্যক্তিগত বিশ্বাস ও উৎসব উদ্যাপনের স্বাধীনতার পক্ষে নিজের অবস্থান জানিয়ে আবারো আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
এসি/আপ্র/২৫/১০/২০২৬
