খুলনার তেরখাদা উপজেলার মধুপুর শ্যামনগর পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে এক নারীকে (৩১) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।
আটককৃতরা হলেন— তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), একই গ্রামের মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে দিঘলিয়া উপজেলায় যাওয়ার উদ্দেশ্যে তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন ওই নারী। এ সময় কয়েকজন জেলে তাকে নদী পার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে নৌকায় তোলেন। কিন্তু গন্তব্যে পৌঁছে না দিয়ে দুর্বৃত্তরা কৌশলে তাকে মধুপুর শ্যামনগর পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরবর্তীতে পুলিশি অভিযানে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তাৎক্ষণিকভাবে ওই তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, এমন নির্মম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আইনের আওতায় এনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ।
