নারায়ণগঞ্জের বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির খবরে একটি বিরিয়ানির দোকানে অভিযান চালিয়েছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি এলাকার ‘আসলাম বিরিয়ানি’তে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জুমার নামাজের পর বুরুন্দি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল করার প্রস্তুতি নিচ্ছে এবং তাদের জন্য ওই দোকানে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে, এমন তথ্য পেয়ে সেখানে অবস্থান নেয় তারা।
দোকানের মালিক আসলাম মিয়া জানান, বৃহস্পতিবার রাতে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ২০০ প্যাকেট বিরিয়ানির অর্ডার দেয়া হয়। এ জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হয়। অর্ডারকারীরা জানিয়েছিলেন, জুমার নামাজের পর তারা দোকানে বসে খাবেন। তবে শুক্রবার দুপুরে পুলিশ অবস্থান নেয়ার পর অর্ডারকারীদের কেউ সেখানে আসেননি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরা মিছিল করার উদ্দেশ্যে জুমার নামাজের পর সেখানে দুপুরের খাবার খাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এরপরই আমরা সেখানে অবস্থান নেই। পরবর্তীতে আর কাউকে মিছিল করতে দেখা যায়নি। বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের ব্যাপারে পুলিশ সোচ্চার রয়েছে।’
