কুমিল্লা মহানগরীর চকবাজার এলাকায় মাত্র ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে পালিয়ে গেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মী। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং সংবাদমাধ্যমের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা যায়, নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী হঠাৎ করে চকবাজারের তেলিকোনা এলাকায় একটি ব্যানার নিয়ে সংক্ষিপ্ত মিছিল বের করে। পরে মুহূর্তের মধ্যে তারা দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তারা প্রথমে কিছু যুবককে রাস্তায় স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করতে দেখেন। কিন্তু হঠাৎ করেই একটি ব্যানার বের করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চোখের পলকে তারা উধাও হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফ আল ইসলামের নেতৃত্বে এই ঝটিকা মিছিলটি বের করা হয়েছিল।
নিষিদ্ধ সংগঠনের এমন ঝটিকা মিছিলের বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই এবং তিনি খোঁজখবর নিচ্ছেন।
এ বিষয়ে কুমিল্লা চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র পাল বলেন, মিছিলে কারা কারা অংশগ্রহণ করেছিল, ইতিমধ্যে আমরা তাদের বেশ কয়েকজনকে শনাক্ত করেছি। তাদের গ্রেফতারে কোতোয়ালি থানার ওসিসহ আমরা যৌথভাবে অভিযানে আছি।
