শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক। এরই ধারাবাহিকতায় সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন সাধিত হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী কোম্পানিগঞ্জের চিকিৎসাসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে এলাকার মানুষ উপকৃত হবে। পাশাপাশি পর্যটন সুবিধা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারও সম্ভব হবে।
সিলেট নগরীর শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. তোতিউর রহমান। এ সময় আলোচনায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সমিতির সভাপতি রফিকুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেইন প্রমুখ।
প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ কোম্পানিগঞ্জে বর্তমান স্থলবন্দরের পাশাপাশি ভবিষ্যতে আরও একটি বন্দর স্থাপনের আশ্বাস দেন মন্ত্রী।
জনশক্তি রপ্তানির সুযোগ কাজে লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশ যাওয়ার আগে কর্মীদের ন্যূনতম কারিগরি জ্ঞান অর্জন করা উচিত। একই সঙ্গে যে দেশে যাবেন, সেই দেশের ভাষায় অন্তত প্রাথমিক দক্ষতা অর্জন করাও প্রয়োজন।
