যশোরের শার্শায় অভিযানে ২ কেজি ৯০ গ্রাম ওজনের ১৮ পিচ স্বর্ণবারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগানের ‘প্রাইম ব্রিকস্’ নামক ইটভাটার পাশ থেকে পুলিশ তাকে আটক করে।
আটককৃত আসামি শার্শা থানাধীন হাড়িখালী গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে আলাউদ্দিন (৫১)।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর ছিল একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। পরে পুলিশ সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে সন্দেহ ভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এসময় সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলে থাকা তিন চেরাকারবারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের মধ্যে এক চোরাকারবারিকে ধরা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১৮টি স্বর্ণ বার পাওয়া যায়। পালিয়ে যায় অপর দুই চোরাকারবারি।
নাভারন সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। অপর পলাতক দুই আসামিকে আটক ও শনাক্তের চেষ্টা চলছে।
