গতকাল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহাসিক লালন স্মরণোৎসব ও মেলা।
দেশ-বিদেশের লালনভক্ত, সাধু-বাউল, শিল্পী ও দর্শনার্থীদের পদচারণায় কালিগঙ্গা তীরে ঐতিহাসিক আখড়া বাড়িতে সৃষ্টি হয়েছে প্রাণবন্ত পরিবেশ। তবে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি পুরো আয়োজনজুড়ে রয়েছে সাঁইজির স্মরণে গভীর শ্রদ্ধা, আধ্যাত্মিকতা ও তিরোধান দিবসের ভাবগাম্ভীর্য।
গতকাল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। লালন একাডেমির মূল মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন প্রাবন্ধিক অধ্যাপক ড. রশিদুন্নবী। এছাড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে সন্ধ্যা থেকে লালন একাডেমির শিল্পীরা ও দেশের খ্যাতনামা লালনসংগীত শিল্পীরা গান পরিবেশন করেন। সাঁইজির মরমি গানের সুরে মুখর হয়ে ওঠে আখড়াবাড়ির প্রাঙ্গণ। অন্যদিকে আখড়াবাড়ির বিভিন্ন স্থানে সাধু-বাউলদের সাধুসঙ্গ ও গানের আসর বসেছে। কোথাও চলছে লালনদর্শন নিয়ে আলোচনা, কোথাও আবার সুর ও সাধনার মধ্য দিয়ে তাকে স্মরণ করছেন ভক্ত-অনুরাগীরা। সব মিলিয়ে ছেঁউড়িয়ায় গড়ে উঠেছে ভক্তি, সাধনা ও লোকজ সংস্কৃতির এক অনন্য আবহ।
এদিকে স্মরণোৎসবকে কেন্দ্র করে কালীগঙ্গা নদীর তীর ঘেঁষে বসেছে ঐতিহ্যবাহী লালন মেলা। মেলায় লোকজ পণ্য, গ্রামীণ ঐতিহ্য ও নানা ধরনের সামগ্রীর পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দর্শনার্থীদের আনাগোনায় মেলাপ্রাঙ্গণেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। তবে মেলার কোলাহলের পাশাপাশি আখড়াবাড়িতে লালন স্মরণের আধ্যাত্মিক পরিবেশ ও দিবসটির গাম্ভীর্য বজায় রয়েছে।
উৎসবে আগত ভক্তদের কাছে ছেঁউড়িয়া কেবল একটি দর্শনীয় স্থান নয়, বরং লালনের সাধনা, সংগীত ও মানবমুক্তির দর্শনের সঙ্গে সংযোগ স্থাপনের পবিত্র প্রাঙ্গণ। প্রতি বছর তিরোধান দিবসে এখানে সমবেত হয়ে তারা লালনের গান গেয়ে, তার দর্শন চর্চা করে ও সাধুসঙ্গে অংশ নিয়ে মরমি সাধকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মরণোৎসব ও মেলাকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা। আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। উৎসবে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
আগামীকাল পর্যন্ত চলবে তিনদিনব্যাপী এ স্মরণোৎসব ও মেলা। লালনসংগীত, সাধুসঙ্গ, আলোচনা ও লোকজ আয়োজনের মধ্য দিয়ে উৎসবের প্রতিটি পর্বে স্মরণ করা হবে মানবতাবাদী সাধক ফকির লালন শাহকে। উৎসবের আনন্দ আর তিরোধান দিবসের গভীর শ্রদ্ধা—এ দুয়ের মেলবন্ধনে ছেঁউড়িয়া আবারো হয়ে উঠেছে বাংলার মরমি সংস্কৃতি ও মানবিক দর্শনের এক অনন্য মিলন কেন্দ্র।
