১৫ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ১২ মিনিট আগে
স্টার অনলাইন রিপোর্ট
২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান। ফাইল ছবি: স্টার
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকায় মোট ১৯৫টি পদভিত্তিক নাম রয়েছে। এর মধ্যে শীর্ষ নেতৃত্বের ছয় ধরনের পদে ৩৬ জন, বিভাগীয় ও প্রবাসী সাংগঠনিক দায়িত্বে ২৮ জন, বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে ৫৪ জন, পৃথক সহসম্পাদক পদে ১৯ জন এবং সাধারণ সদস্য হিসেবে ৫৮ জনের নাম রয়েছে।
আজ শুক্রবার দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। রাজনৈতিক পর্ষদের ১৬ জনই কেন্দ্রীয় কমিটির তালিকায় অন্তর্ভুক্ত।
কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব হিসেবে আছেন যথাক্রমে নাহিদ ইসলাম ও আখতার হোসেন। নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন। এ ছাড়া ২৪ জন যুগ্ম আহ্বায়ক ও ছয়জন যুগ্ম সদস্যসচিব রাখা হয়েছে।
রাজনৈতিক পর্ষদের সদস্যরা হলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।
ঢাকা ও চট্টগ্রামের উত্তর-দক্ষিণসহ ১০টি আঞ্চলিক সাংগঠনিক দায়িত্বে ১০ জন সাংগঠনিক সম্পাদক ও ১০ জন সহসাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। প্রবাসী বা ডায়াস্পোরা সাংগঠনিক দায়িত্বে আরও চারজন সম্পাদক ও চারজন সহসাংগঠনিক সম্পাদক রয়েছেন। সব মিলিয়ে সাংগঠনিক দায়িত্বে আছেন ২৮ জন।
অন্যদিকে আন্তর্জাতিক, দপ্তর, আইন, প্রচার, শিক্ষা, নারী, পরিবেশ, মিডিয়া, মানবাধিকার, অর্থসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক ও সহসম্পাদকের দায়িত্ব পেয়েছেন ৫৪ জন। তাদের বাইরে পৃথক সহ-সম্পাদক পদে ১৯ জন এবং সাধারণ সদস্য হিসেবে ৫৮ জনের নাম রয়েছে।
আগের কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবার যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভা যুগ্ম সদস্যসচিব হয়েছেন। রাজনৈতিক পর্ষদে তাদের নাম নেই। পুনর্গঠিত কমিটিতে মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক ও মুখপাত্রের পদও রাখা হয়নি।
