নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন আরও দুজন।
বুধবার (২১ অক্টোবর) রাত ৮টা ৪ মিনিটে দগ্ধ ছয়জনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধ ছয়জন হলেন— শিবলু মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন (৩০), সোরাফ (৩০), ছাদেকুর (২৫) ও রাকিব (২৫)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, নরসিংদীর মাধবদী এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয়জনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শিবলু মিয়ার শরীরের ১৩ শতাংশ, পিয়াসের ৩ শতাংশ, সুমনের ৪ শতাংশ, সোরাফের ২০ শতাংশ, ছাদেকুরের ১৫ শতাংশ এবং রাকিবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, সোরাফ ও ছাদেকুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবলু মিয়া ও রাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, পিয়াস ও সুমনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে বয়লার বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
