আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২০, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সৌদি আরবের ‘ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম’ কর্তৃক নিরাপত্তা সতর্কতা জারির পর দেশটির রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে সতর্কবার্তা জারি করা হয়েছে। এ সময় বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
এদিকে ইয়েমেনের সরকারি বাহিনীকে সমর্থন দেয়া রিয়াদ নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি পরে জানান, সৌদি বাহিনী রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুতি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।
এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘হুতি মিলিশিয়ার রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি আরব।’ একই সময়ে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। এর আগে দেশটির জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম থেকে বিপৎসংকেত জারি করা হয়।
খুলনা গেজেট/উউরা
