ডেস্ক রিপোর্ট: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দিয়েছেন ভারতীয় নাগরিকেরা। ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
১৫ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
ওসি জানান, বৃহস্পতিবার রাতে আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালাতে যায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। তাঁকে ধাওয়া করেন কনস্টেবল রোহিত দেওয়ান। একপর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত কয়েকজন ভারতীয় নাগরিক তাকে আটক করেন।
পরে পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই ইমরান হোসেন কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। এরপর ভারতীয় নাগরিকেরা বিএসএফ সদস্যদের ডেকে এনে দুই পুলিশ সদস্যকে তাদের হাতে তুলে দেন।
ওসি মো. ফারুক হোসেন আরও জানান, ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা ঘটনাস্থলে যান। আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
সূত্র: সমকাল
