চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় পান-সিগারেটের দোকানে চুরির অভিযোগে ইমন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ ঘটনায় মামলা দায়েরের পরপরই এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন—আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)।
নিহত ইমন (২১) বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার ফুফু রেহানা বেগম বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়। দোকানের ভেতরে ইমনকে আটক করার পর মিজানুর রহমান এলাকার রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী ও অন্য আসামিদের বলে।
পরে আসামিরা লাঠিসোঁটা দিয়ে ইমনকে মারধর করেন। একপর্যায়ে তাকে কল্পলোক মডেল মসজিদের দক্ষিণে সাজেদা ফাউন্ডেশনের পাশে একটি খালি মাঠে নিয়ে আবারও মারধর করা হয়। এতে ইমন গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে একটি সেতুর নিচে ইমনকে ফেলে রেখে যাওয়া যায়।
পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে রেহানা বেগম ও তার ছেলে মো. সবুজ ঘটনাস্থলে গিয়ে ইমনকে মৃত অবস্থায় দেখতে পান।
পরে বাকলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে থেকে ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরএ/ডিজে
