পাবনার চাটমোহরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে হাসিনা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের স্বামীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ভবানীপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা খাতুন পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার দিকমারি দেওয়ানপাড়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাবনা থেকে চাটমোহরের উদ্দেশে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত আটঘড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হাসিনাকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহতরা হলেন- নিহত হাসিনার স্বামী গোলাম মোস্তফা, আব্দুল হামিদ জিন্নাহ এবং মো. মিনাজ উদ্দিন। তাঁরা বর্তমানে আটঘড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
জেএইচআর
