পিভিএম অয়েলের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, ‘মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি সংঘাতপূর্ব সময়ের চেয়ে বেড়েছে—এমন খবর থাকলেও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সৌদি আরব ও দেশটির জ্বালানি অবকাঠামোয় হুথিদের আঘাত সেই ইতিবাচক প্রভাব পুরোপুরি ম্লান করে দিয়েছে।
সৌদি আরবে হুথিদের হামলা জোরদার এবং হরমুজ প্রণালির কাছে একাধিক জাহাজে বিস্ফোরণ ও মাইন আঘাতের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। গতকাল ব্রেন্ট ক্রুডের দাম উঠেছে গত পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল রফতানিকারক অঞ্চল মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ আরো ব্যাহত হতে পারে—এমন আশঙ্কাই বাজারে দাম বাড়ার প্রধান কারণ।
গতকাল আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার্স দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার ৬৮ সেন্ট পর্যন্ত ওঠে, যা গত ১৮ মে মাসের পর সর্বোচ্চ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ২ ডলার ৪১ সেন্ট বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ৫৬ সেন্টে ওঠে। দিনের শুরুতে এর দাম ১০০ ডলার ৯ সেন্ট ছুঁয়েছিল।
পিভিএম অয়েলের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, ‘মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি সংঘাতপূর্ব সময়ের চেয়ে বেড়েছে—এমন খবর থাকলেও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সৌদি আরব ও দেশটির জ্বালানি অবকাঠামোয় হুথিদের আঘাত সেই ইতিবাচক প্রভাব পুরোপুরি ম্লান করে দিয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নেই। ফলে তেলের দাম উঁচু পর্যায়েই থাকতে পারে।’
মরগান স্ট্যানলির বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানির পরিমাণ ছিল দৈনিক প্রায় ১ কোটি ৭০ লাখ ব্যারেল।
এদিকে নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো ধাহরানে অবস্থিত সদর দপ্তরের কর্মীদের ভবন ছেড়ে দূর থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে তাদের মিশন থেকে কিছু কূটনীতিক ও পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি মার্কিন মিশন থেকেও পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে।
এর আগে হুথিরা সৌদি আরবের একাধিক স্থাপনায় হামলা চালায়। দাম্মামের একটি বেসামরিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত ও আটজন আহত হন। পৃথক ড্রোন হামলায় সৌদির একটি তেল ক্ষেত্রে আরো দুজন নিহত হন। একই সময়ে ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের কারণ ও উৎস সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিতেও সরবরাহ ঝুঁকি বেড়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, উত্তর উপসাগরে ‘অবৈধ’ তেল স্থানান্তরে জড়িত চারটি জাহাজে একযোগে হামলার পর আগুন ধরে যায়। এছাড়া হরমুজ প্রণালির পশ্চিমে আরো তিনটি জাহাজ মাইনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এর বাইরে লিবিয়ার হামাদা ও তাহারা তেল ক্ষেত্র থেকে জাওইয়া বন্দরে যাওয়া একটি পাইপলাইনের ভালভ বন্ধ হওয়ায় দুই ক্ষেত্রেই উৎপাদন কমেছে।
তেলের উচ্চমূল্য নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ১০ লাখ ব্যারেলের জরুরি হিটিং অয়েল মজুদের প্রায় এক-তৃতীয়াংশ ঋণ হিসেবে বাজারে দেয়ার প্রস্তাব করেছে। একই সময়ে ইউরোপীয় পার্লামেন্ট জ্বালানি তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে ইইউর মিথেন নিঃসরণবিষয়ক বিধি কার্যকর তিন বছর পিছিয়ে দেয়ার পক্ষে ভোট দিয়েছে।
গত এপ্রিলে সংঘাতের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলারে উঠেছিল। পরে উত্তেজনা কমার আশায় মে মাসের শেষ দিকে তা ১০০ ডলারের নিচে নামে এবং জুলাইয়ের শুরুতে প্রায় ৭১ ডলারে নেমে আসে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতার উদ্যোগ ভেঙে পড়া এবং উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর দাম আবার বাড়তে শুরু করে।
