Published on
:
1 min read
এই সময়: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৩৬টি টিমের মধ্যে ১৬টি টিম প্রথম ম্যাচে জিতেছে। আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সপ্তাহের তিন দিন ম্যাচের পরে অনেকটাই বদলে যাবে লিডারবোর্ড।
মঙ্গলবারের উল্লেখযোগ্য ম্যাচের মধ্যে আছে গালাতাসারের মাঠে বার্সেলোনার নেমে পড়া। আতলেতিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে পরীক্ষায় বসবে মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনাল ঘরের মাঠে খেলবে ফরাসি ক্লাব লিলের বিরুদ্ধে। এখনকার গালাতাসারে আগের মতো ভয়ঙ্কর নয়। প্রথম ম্যাচে তারা স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে ১–৩ হেরেছিল। তবু ইস্তানবুলের র্যাম্স পার্কে গালাতাসারের মাঠ বরাবরই পরীক্ষায় ফেলেছে অনেক বড় ক্লাবকেই। অন্য দিকে বার্সেলোনা অবশ্য দারুণ ছন্দে।
লা লিগায় আটটার মধ্যে আটটা ম্যাচই জিতেছে তারা। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে ফেনুর্ডকে ৫–১ উড়িয়ে। তবে আজকের ম্যাচে রাফিনিয়া নেই। যিনি মরশুমের শুরু থেকেই গোলের মধ্যে। গত কয়েকটি ম্যাচে ফর্মে থাকা অ্যান্থনি গর্ডনকে আজ বার্সা কোচ হান্সি ফ্লিক খেলাতে পারেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে। গর্ডনের জায়গায় লেফট উইংয়ে খেলতে পারেন করিম আদেয়েমি। জার্মান এই উইঙ্গারও সম্প্রতি দারুণ ছন্দে। গোলও করছেন।
আর্সেনাল যেমন প্রিমিয়ার লিগে দু’নম্বরে, তেমনই তাদের প্রতিপক্ষ লিল এই মুহূর্তে ফরাসি লিগে দু’নম্বরে। লিলের কোচ আবার দাবিদ আন্সেলোত্তি, কার্লো আন্সেলোত্তির ছেলে। চোটের জন্য এই ম্যাচে নেই আর্সেনালের মার্তিন সুবিমেন্দি ও পিয়েরো ইনকাপিয়ে। উইলিয়াম সালিবা ও ক্রিস্তোফ জ়োলিস আগে থেকেই মাঠের বাইরে।
ম্যাচটা খুব সহজ হবে না মিকেল আর্তেতার টিমের জন্য। সাদামাঠা ফর্মে থাকা ইউনাইটেডের জন্য কঠিন ম্যাচ আতলেতিকো মাদ্রিদের সঙ্গে, যারা লা লিগায় দু’নম্বরে। দিয়েগো সিমিয়নের টিমের কঠিন ডিফেন্স ভাঙা চ্যালেঞ্জ হবে ইউনাইটেডের। তুলনায় সহজ প্রতিপক্ষ নরওয়ের ভাইকিং এফকে–র বিরুদ্ধে খেলবে হ্যারি কেন–মাইকেল ওলিজ়েদের বায়ার্ন মিউনিখ।