লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ কেনাবেচার অভিযোগে ২৫ কেজি ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা মাছ একটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার হাজিরহাট বাজারে এ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, হাজিরহাট বাজারে অবৈধভাবে ইলিশ কেনাবেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহার নেতৃত্বে পরিচালিত অভিযানে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে সেখান থেকে ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়।
জব্দ করা মাছ হাজিরহাট বাজারের ইকরা আল-হাদী জাকিয়া খাতুন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য দপ্তর কঠোর অবস্থানে রয়েছে। ইলিশের অবৈধ কেনাবেচা বন্ধে অভিযান ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
