Published on
:
2 min read
সাত সকালে দুর্ঘটনা বর্ধমান শহরে। ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হলো কাকা ও ভাইঝির। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের বীরহাটায়। জানা গিয়েছে, মৃতদের নাম মইদুল মোল্লা (৩৫) এব্বং সুহানা সুলতানা (৬)। ঘটনায় স্থানীয় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ভাইঝি সুহানাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বাইকে চড়ে বেরিয়েছিলেন মইদুল। পথে একটি ট্র্যাক্টর মইদুলের বাইকে ধাক্কা মারে। এরপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাতেও ধাক্কা মারে ট্র্যাক্টরটি। ধাক্কার চোটে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন মইদুল ও সুহানা। জখম হন রিকশাচালকও। ঘটনার পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মইদুল ও সুহানাকে মৃত ঘোষণা করেন। আহত রিকশাচালক এখন হাসপাতালেই চিকিৎসাধীন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্য দিকে, মঙ্গলবার মধ্যরাতে রানিগঞ্জে ১৯ নম্বর জাতীয় সড়কে জোড়া দুর্ঘটনা ঘটে। রানিগঞ্জে আগ্রা-ডানকুনি ১৯ নম্বর জাতীয় সড়কের রানিসায়র মোড়ে ধানবাদগামী একটি চলন্ত চারচাকা গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। কোনও রকমে গাড়ি থেকে নেমে পালিয়ে প্রাণে বাঁচেন গাড়ির তিন যাত্রী। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে দমকল ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কী ভাবে আগুন লাগল গাড়িতে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।
রানিসায়র মোড়ে দুর্ঘটনার কিছুক্ষণ পরেই চুনাভাটি এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রাসায়নিক বোঝাই ট্যাঙ্কার উল্টে যায়। ট্যাঙ্কারটি হলদিয়া থেকে হিমাচল প্রদেশের দিকে যাচ্ছিল বলে খবর। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পরে ট্যাঙ্কার থেকে রাস্তায় বেশ কিছুটা রাসায়নিক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ওই ট্যাঙ্কারের মধ্যে সাবান তৈরির জন্য ব্যবহৃত কোনও রাসায়নিক নিয়ে যাওয়া হচ্ছিল। ট্যাঙ্কারটি উল্টে যাওয়ায় জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরে ট্যাঙ্কারটিকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
