আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির চার ইউনিটের নেতাকর্মী ও তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সকাল ৯টায় শুরু হওয়া সভা চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে প্রায় দেড় হাজার নেতাকর্মী অংশ নেন।
সভায় তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ অঞ্চলের বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, মারমা, সাঁওতালসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ তাঁকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে বিজয়ী করে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এ ঋণ কখনো শোধ করতে পারবেন না উল্লেখ করে তিনি সবাইকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে কাজ করে যাওয়ার কথা জানান।
সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই জনগণের বিভিন্ন দাবির প্রতিফলন রয়েছে। ধীরে ধীরে সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।
আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে তিনি বলেন, তাঁকে যেভাবে তৃণমূল থেকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তেমনি আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলকে প্রাধান্য দেওয়া হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সরোয়ার আলমগীর বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অন্যায় হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে ছাড় দিচ্ছেন না, মন্ত্রী থেকে সংসদ সদস্য পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তাই সবাইকে সতর্ক থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। আগামী ইউপি নির্বাচনে তিনি ও সংসদ সদস্য সরোয়ার আলমগীর তৃণমূলকে বেছে নেবেন।
সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় মঞ্চে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ফজল বারী, আবুল কালাম আজাদ, ফরিদুল আলম চেয়ারম্যান ও শাহনেওয়াজ সেবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও নাজিরহাট পৌরসভা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
ছবি ক্যাপশন: ফটিকছড়িতে বিএনপির চার ইউনিট ও তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর ও সাবেক বিচারপতি বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী।
