কালবেলা · বিনোদন
অপ্রতিদ্বন্দ্বী রজনীকান্তের ম্যাজিক অব্যাহত
২২/১০/২০২৬

সিনেমার পর্দায় রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছেন ভারতীয় সিনেমার মেগাস্টার ‘থালাইভা’ খ্যাত রজনীকান্ত। তার অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন-ড্রামা সিনেমা ‘জেলার ২’ মুক্তির পর থেকে বক্স অফিসে অভাবনীয় রেকর্ড গড়ে চলেছে। ৭৫ বছর বয়সেও যে জনপ্রিয়তার শীর্ষে থাকা যায়- অপ্রতিদ্বন্দ্বী রজনীকান্তকে না দেখলে বোঝার উপায় নেই। দুরন্ত গতিতে ছুটে চলা অ্যাকশন এন্টারটেইনারটি এখন ৬০০ কোটি রুপি ছোঁয়ার অপেক্ষায়।
মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী ‘জেলার ২’ নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা বক্স অফিসের পরিসংখ্যান দেখলেই স্পষ্ট বোঝা যায়। বিশ্বব্যাপী আয়ের দিক থেকে ছবিটি এখন সবচেয়ে দ্রুত ৬০০ কোটির ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে।
সাকনিল্কের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনে এসে সোমবারের (৪২.৩৫ কোটি রুপি) তুলনায় সিনেমাটির আয় প্রায় ৭.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০ অক্টোবর একা ভারতেই ছবিটি দারুণ ব্যবসা করে ৪৫.৫৫ কোটি রুপি ঘরে তুলেছে। এর ফলে দেশের বাজারে সিনেমাটিরর মোট গ্রস আয় পৌঁছেছে ৩৩৭ কোটি রুপিতে। সব মিলিয়ে বিশ্বব্যাপী এই অ্যাকশন এন্টারটেইনারের আয় এখন ৫৪১ কোটিতে গিয়ে ঠেকেছে। এর মধ্যে আন্তর্জাতিক বা ওভারসিজ বাজার থেকে এসেছে ২০৪ কোটি রুপি।
নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি আরও একবার রক্ত গরম করা অ্যাকশনে ধরা দিয়েছেন ‘থালাইভা’ রজনীকান্ত। অবসরপ্রাপ্ত জেল কর্মকর্তা টাইগার মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে তার অনবদ্য অভিনয় এবং মারকাটারি স্টাইল দর্শকদের সিনেমা হলে টানছে। অপরাধ জগতের এক নতুন হুমকিকে প্রতিহত করে পরিবার ও নিজের ঐতিহ্য রক্ষায় তার এই প্রত্যাবর্তন দর্শকদের তুমুল রোমাঞ্চ উপহার দিচ্ছে।
নেলসনের পরিচালনা এবং রজনীকান্তের পাশাপাশি তুমুল দর্শকপ্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণন, মোহনলাল, মিঠুন চক্রবর্তী, যোগী বাবু, বিনায়াকান, বিদ্যা বালান, হৃত্বিক রোশন, জ্যাকি শ্রফ, শিবরাজকুমার এবং বিজয় সেথুপথির মতো তারকারা।
রজনীকান্তের ঠিক আগের সিনেমা ‘কুলি’ মিশ্র প্রতিক্রিয়া পেলেও ‘জেলার ২’ তার সব খরা কাটিয়ে বক্স অফিসে এখন নতুন ইতিহাস লেখার পথে।
সূত্র: এনডিটিভি মুভি
মূল প্রতিবেদনে যান ↗