ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণকারী এক যাত্রীকে আটকানোর জেরে স্টেশন মাস্টার ও এক টিকিট কালেক্টরকে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে স্টেশনের স্টেশন মাস্টারের কক্ষের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্টেশন পুলিশ ফাঁড়ি ও কর্মচারীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী’ ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসেন এক যাত্রী। তার কাছে টিকিট না থাকায় গেটে তাকে আটকে দেন টিকিট কালেক্টর সঞ্জিত মণ্ডল। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ওই যাত্রীকে স্টেশনের পুলিশ ফাঁড়িতে নিয়ে যান সঞ্জিত।
এ সময় ওই যাত্রীর ফোন পেয়ে আরও ১০ থেকে ১২ জন সেখানে জড়ো হন। ওই যাত্রী নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দেন। পরে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহআলম মিয়া বিষয়টি মীমাংসা করে ওই যাত্রীকে ছেড়ে দেন।
অভিযোগ রয়েছে, এ ঘটনার জের ধরে দুপুর ১২টার দিকে ওই যাত্রী ৮ থেকে ১০ জনকে সঙ্গে নিয়ে আবার স্টেশনে আসেন। এ সময় স্টেশন মাস্টারের কক্ষের সামনে টিকিট কালেক্টর সঞ্জিত মণ্ডলকে মারধর করা হয়। তাকে রক্ষা করতে স্টেশন মাস্টার সাকির জাহান এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
স্টেশন মাস্টার সাকির জাহান বলেন, ট্রেনে বিনা টিকিটে আসা এক যাত্রীকে আটকানোর কারণে টিকিট কালেক্টরকে মারধর করা হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে তিনিও হামলার শিকার হন। পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এভাবে হামলার শিকার হলে টিকিট কালেক্টররা কিভাবে দায়িত্ব পালন করবেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহআলম মিয়া বলেন, সকালে বিনা টিকিটের এক যাত্রী দলবল নিয়ে এলে তিনি বিষয়টি মীমাংসা করে দেন। পরে দুপুরে এসে ওই যাত্রী ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা দুজনকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।