সিলেট ভয়েস ডেস্ক · ২২ অক্টোবর, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তার পাশের একটি দেয়াল থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার রাধানগর এলাকায় স্থানীয় শ্রমিকেরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় সাপটি দেখতে পান।
স্থানীয়রা জানান, দেয়ালের ওপর অজগরটি দেখতে পেয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) বসু দেব বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। পরে তারা অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
গুগলে আমাদের খবর পেতে
