শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘রাধিকা’। আগামী ২১ অক্টোবর, বুধবার রাত ১০টা ৩০ মিনিটে নাটকটি দেখতে পাবেন দর্শক। আমানুল হক হেলালের রচনায় এটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজসহ আরও অনেকে।
নাটকটির কেন্দ্রীয় চরিত্র রাধিকা। দরিদ্র পরিবারের মেয়ে হলেও আত্মমর্যাদাবোধে সে দৃঢ়, স্বভাবেও বেশ কঠিন। গ্রামে গ্রামে ঘুরে লাউ, শসা, কুমড়াসহ নানা ধরনের সবজি সংগ্রহ করে বাজারে বিক্রি করেই চলে তার সংসার। রূপের কারণে অনেকেই তার প্রতি আকৃষ্ট হয়। সবজি কেনাবেচার অজুহাতে কথা বলার চেষ্টা করলেও রাধিকার কঠোর আচরণে শেষ পর্যন্ত পিছিয়ে যায় তারা। কাউকে সহজে বিশ্বাস করে না সে। তার জীবনের একমাত্র অবলম্বন বৃদ্ধ বাবা, যিনি বয়সের ভারে কর্মক্ষমতা হারিয়েছেন। ফলে সংসারের দায়িত্ব একাই সামলাতে হয় রাধিকাকে।
এমন বাস্তবতার মধ্যেই রাধিকার জীবনে আসে মাধব। জেলে পরিবারের ছেলে মাধব মনে মনে ভালোবাসে তাকে। প্রতিদিন বাজারে এসে দূর থেকে রাধিকাকে দেখে, কিন্তু মনের কথা জানানোর সাহস পায় না। মাধবের এই নীরব ভালো লাগা একসময় রাধিকার চোখেও পড়ে। অন্যদের তুলনায় মাধবকে আলাদা মনে হওয়ায় তার প্রতিও কিছুটা আগ্রহ দেখায় রাধিকা। মুখে ভালোবাসার কথা না বললেও মাধবের আচরণে প্রকাশ পায় তার অনুভূতি। ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে ভালো লাগার সম্পর্ক। একসময় একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করে তারা।
কিন্তু ভালোবাসা আর নতুন জীবনের সেই স্বপ্নে হঠাৎই নেমে আসে ঝড়। কীভাবে বদলে যায় রাধিকা ও মাধবের জীবনের গল্প, আর কোন পরিণতির দিকে এগিয়ে যায় তাদের সম্পর্ক—সেটির উত্তর মিলবে নাটকটি প্রচারের পর।
