Published : 11 Oct 2026, 10:00 PM
Updated : 11 Oct 2026, 08:41 PM
বাল্যবিয়ে নিয়ে শুধু প্রতিবেদন প্রকাশ নয়, বিয়ে হওয়ার আগেই তা বন্ধ করতে উদ্যোগ নেওয়াও গণমাধ্যমকর্মীদের দায়িত্ব বলে মনে করেন সাংবাদিক লাভলু পাল চৌধুরী।
নেত্রকোণায় চার দশকের বেশি সময় ধরে কাজ করা এই সাংবাদিক হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাল্যবিয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারকে বোঝানোর উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা নিতে হবে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নেত্রকোণা শহরের হরিজন পল্লীর এক অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আলোচনা চলছিল। মেয়েটি বিয়ে করতে না চাওয়ার কথা স্কুলের শিক্ষিকাকে জানালে শিক্ষিকা তাকে বিষয়টি জানান।
পরে তিনি ওই পল্লীর সর্দার ও মেয়েটির মা-বাবার সঙ্গে কথা বলেন। পরিবার পুরোপুরি রাজি না হওয়ায় প্রশাসন ও পুলিশকে সঙ্গে নিয়ে আবার তাদের বোঝানো হয়। একপর্যায়ে পরিবারটি মেয়েটির বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেয়। দুই বছর পর মেয়েটি এসএসসি পরীক্ষায় পাস করে।
লাভলু পাল চৌধুরী বলেন, ওই পল্লীতে মেয়েটির সাফল্য নিয়ে আনন্দ হয়েছিল এবং অন্য মেয়েরাও তাকে দেখে উৎসাহ পেয়েছিল।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: নেত্রকোণা।
