জনপ্রিয় মার্কিন টেলিভিশন ধারাবাহিক ‘গ্রোয়িং পেইনস’-এ কেট ম্যালোন চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী বেটি ম্যাকগুয়ার মারা গেছেন। গত ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উডল্যান্ড হিলসের মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন ফান্ডের ওয়াসারম্যান ক্যাম্পাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জীবনের সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পাওয়ার অব অ্যাটর্নি কিথ গেরচাক।
বিজ্ঞাপন
‘গ্রোয়িং পেইনস’ ধারাবাহিকে প্রায় সাত বছর অভিনয় করেছেন বেটি। ধারাবাহিকটির প্রথম ও দ্বিতীয় মৌসুমের পাশাপাশি চতুর্থ থেকে সপ্তম মৌসুমেও তাকে দেখা গেছে। এতে পরিবারের দাদি কেট ম্যালোন চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে আরও বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন বেটি ম্যাকগুয়ার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ফ্যালকন ক্রেস্ট’, ‘দ্য ডরিস ডে শো’, ‘কলাম্বো’, ‘স্টার ট্রেক: ডিপ স্পেস নাইন’, ‘হিল স্ট্রিট ব্লুজ’, ‘ইআর’, ‘সিএসআই: মায়ামি’, ‘ম্যাকগাইভার’, ‘মুনলাইটিং’ ও ‘চার্লিস অ্যাঞ্জেলস’। চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘চিচ অ্যান্ড চং’স আপ ইন স্মোক’ এবং ‘কোমা’।
বিজ্ঞাপন
মঞ্চনাটকেও ছিল তার উল্লেখযোগ্য পদচারণা। ব্রডওয়ের ‘প্লেইন অ্যান্ড ফ্যান্সি’, ‘হ্যাপি হান্টিং’ ও ‘ওহ, ক্যাপ্টেন!’ নাটকে অভিনয় করেছেন তিনি। পরবর্তী সময়ে লাস ভেগাসে ‘মেম’ প্রযোজনায় প্রধান চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া ‘জিপসি’, ‘আন্ট মেম’, ‘অলিভার!’, ‘হাউ টু সাকসিড ইন বিজনেস…’ এবং ‘জিগফেল্ড ফলিস অব ১৯৫৬’সহ বিভিন্ন মঞ্চনাটকের দল নিয়ে সফর করেছেন।
অভিনয়জীবনের বাইরেও মানুষের পাশে দাঁড়িয়েছেন বেটি। লস অ্যাঞ্জেলেসে নিম্ন আয়ের ভাড়াটিয়াদের উচ্ছেদের বিরুদ্ধে আইনি সহায়তা দেওয়া প্রতিষ্ঠান কোয়ালিশন ফর ইকোনমিক সারভাইভালের আইনি সহায়তা কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি অবসরজীবন কাটানো মানুষের জন্য পরিচালিত একটি আবাসনকেন্দ্রের চ্যানেল ২২-এ ‘গ্যাবফেস্ট’ নামের টক শো উপস্থাপন করেছেন।
মৃত্যুর সময় বেটি ম্যাকগুয়ারের কোনো জীবিত উত্তরাধিকারী ছিলেন না।
বিজ্ঞাপন
এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
