বান্দরবান প্রতিনিধি
আপডেট :
১৫ অক্টোবর ২০২৬, ১৭: ৪৮
বান্দরবান জেলার লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তারা গত রোববার (১১ অক্টোবর) লামার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন, খুলশী থানাধীন ২ নম্বর রোডের একটি বাসা ও খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসা থেকে পৃথকভাবে তাদের উদ্ধার করা হয়। তাদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত রোববার সকালে স্কুল থেকে রেজিস্ট্রেশন কার্ড আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তিন শিক্ষার্থী। এর পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। নিখোঁজের ঘটনায় গত মঙ্গলবার লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে পুলিশ।
ইয়াংছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, তিন শিক্ষার্থীই বিদ্যালয়ে অনিয়মিত ছিল। গত ৩০ সেপ্টেম্বর তারা সর্বশেষ নিজ নিজ শ্রেণিতে উপস্থিত ছিল।
পুলিশ জানায়, তারা বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য চট্টগ্রামে অবস্থান করছিল।
বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা তিন স্কুলছাত্রীকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

