কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিম পাশ থেকে গার্মেন্টসের সুপারভাইজার মো. জয়নাল আবেদীনের (২৫) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে পোড়াদহ থানায় পাঠানো হয়। নিহত আবেদীন পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নয়া মিয়ার বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ ৬৮ পাড়া হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিম পাশে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা বিষয়টি পুলিশকে জানালে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে পোড়াদহ থেকে রেলওয়ে পুলিশ এসে বেলা সাড়ে ১২ টায় তার লাশ উদ্ধার করে।
ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, নিহত ব্যক্তি ঢাকা থেকে খুলনার উদ্দেশে চিত্রা ট্রেনে যাচ্ছিলেন বলে শুনেছি। ভেড়ামারায় চিত্রা ট্রেনের বিরতি হয়েছিল রাত পৌনে ২টার সময়।
নিহতের ভাই জাহিদ হাসান মোবাইলে কালবেলাকে জানান, তার ভাই গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার পদে চাকরি করতেন। বুধবার অফিস থেকে সন্ধ্যা ৭টায় বের হন। শুনেছি ঢাকা থেকে ট্রেনে করে খুলনায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সেখান থেকে আজ বাড়িতে আসার কথা ছিল। তিনি ট্রেনের টিকিট না পাওয়ার কথা জানিয়েছিল ভাবিকে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনা শোনার পরেই আমরা সেখানে গিয়ে রেলওয়ে পুলিশকে জানাই। তারা লাশ উদ্ধার করেছে।
পোড়াদহ রেলওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হোসাইন কালবেলাকে জানান, আমরা জয়নাল আবেদীনের লাশের সুরতহাল করে রেলওয়ে থানায় নিয়ে এসেছি। তিনি রাতে শ্বশুর বাড়িতে চিত্রা ট্রেনে করে আসছিলেন। ট্রেন থেকে পড়ে তিনি মাথায় ব্যাপক আঘাত পেয়েছেন। সেখানেই তার মৃত্যু হয়। মরদেহ নেওয়ার জন্য তার পরিবার রওনা দিয়েছে।
