Published on
:
1 min read
জামিন পেলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। মঙ্গলবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে কি এ বার জেলেই পুজো কাটবে ‘শ্রীভূমি’র প্রাক্তন পুজোকর্তার? এ দিনের এই নির্দেশের পরে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গত ১১ মে সুজিত বসুকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই থেকে জেল হেফাজতে রয়েছেন তিনি।
পুরসভায় নিয়োগ দুর্নীতিতে ওএমআর শিট জালিয়াতির নেপথ্যে প্রধান ভূমিকা ছিল অয়ন শীলের। তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক নাম উঠে আসে। সেই সূত্র ধরেই তৎকালীন দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন ভাইস চেয়ারম্যান সুজিত বসু তদন্তকারীদের স্ক্যানারে আসেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলেও সুজিত বসুকে একাধিক বার তলব করে ইডি। তল্লাশি চলে তাঁর অফিস, বাড়িতেও। সুজিত-পুত্র সমুদ্র বসুও ইডির স্ক্যানারে।
এরই মধ্যে গত ১১ মে সুজিত বসুকে ইডির দপ্তরে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের ক্ষেত্রে শতাধিক প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন সুজিত। এর মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া সকলেই নিয়োগ পান। বহু অর্থের বিনিময়ে এই চাকরি বলেও তদন্তে উঠে আসে। সেই মামলায় ধৃত সুজিত আপাতত জেল থেকে বেরোতে পারছেন না।
আজ তৃতীয়া। অন্যান্যবার মহালয়া থেকেই ‘শ্রীভূমি’র পুজো প্যান্ডেলে ভিড় শুরু হয়ে যায়। সুজিত নিজে থাকতেন পুজোয়। সব কিছুর তদারকি তিনিই করতেন। তবে এ বার সেই ছবি পুরো বদলে গিয়েছে। সুজিতহীন শ্রীভূমির নতুন পুজো কমিটি তৈরি হয়েছে। প্রথমায় পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উৎসবের আবহ জমে উঠলেও পুজোয় কি আদৌ সুজিতের লেকটাউনের বাড়িতে ফেরা হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।