রংপুরের কাউনিয়ায় বাড়ির পাশের ডোবায় ডুবে খাইরুল ইসলাম নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের বুলবুল মিয়া ও খাদিজা বেগম দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু খাইরুল তার নানার বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলনা গাড়ি নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে তার খেলনা গাড়িটি বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। এ সময় স্বজনদের অগোচরে গাড়িটি তুলতে গিয়ে ডোবার পানিতে পড়ে ডুবে যায় সে। কিছুক্ষণ পর খাইরুলকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখেন তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সারাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হোসেন জানান, খেলনা গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।
এ বিষয়ে হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
