প্রকাশিত: ১৩:৩৩, ২২ অক্টোবর ২০২৬ আপডেট: ১৪:০১, ২২ অক্টোবর ২০২৬
মোংলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ফটো
সুন্দরবন ও হিরণ পয়েন্ট এলাকা হেলিকপ্টারে পরিদর্শন শেষে নৌপথে খুলনার দাকোপ উপজেলা থেকে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বাংলাদেশ নৌবাহিনীর দিগরাজ ঘাঁটির পন্টুনে প্রধানমন্ত্রীকে বহনকারী নৌযান এসে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যাহ্নবিরতির পর ঘাঁটির ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর বেলা ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি। বেলা সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হয়ে সাড়ে ৩টায় এলাকাটি পরিদর্শনের কথা রয়েছে তার। দিনের কর্মসূচি শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে, আজ সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন তারেক রহমান।
সুন্দরবন পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে তাকে বহনকারী হেলিকপ্টার। পরে নলিয়ান থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
