এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রধান উৎস হিসেবে রয়েছে, অন্য উৎসগুলোতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে ভোক্তাপর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কেউ ধর্মঘটের চেষ্টা করলে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট ডেকে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের ভোগান্তি এড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে জানিয়ে তিনি ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানান।
এর আগে গত সোমবার এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে সারা দেশে দুই দিন গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সেলিম খান এ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি সিলিন্ডারের দোকান বন্ধ রাখার কথা ছিল। তবে বুধবার সরকারের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসায় আপাতত সেই কর্মসূচি আর থাকছে না।
এলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবরের গণশুনানি ভোক্তা ও ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দাম নির্ধারণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেওয়ার সুযোগ তৈরি হবে। তবে গণশুনানির পর এলপিজির দাম পরিবর্তন হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
The post এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার appeared first on ভোরের চেতনা.
